দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুরক্ষার দাবিতে মেহেরপুরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী অনশন করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।
অনতিবিলম্বে এসব দাবি মেনে নেওয়া না হলে দেশের সব জেলার লিফ রিজিয়নে (তামাক অঞ্চল) সব ধরনের কাজ বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাসপোর্ট কার্যালয়সংলগ্ন বিএটিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কুষ্টিয়ার চেচুয়া, আল্লার দরগা, ঝিনাইদহ ও মেহেরপুরসহ চারটি লিফ রিজিয়নের শতাধিক টেকনিশিয়ান ও অফিস স্টাফ অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তামাকচাষিদের তালিকা প্রণয়ন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং কোম্পানির প্রযুক্তিগত অ্যাপ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তাঁরা। অথচ তাঁদের ন্যূনতম চাকরির নিরাপত্তাও দেওয়া হচ্ছে না।
বক্তারা বলেন, ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিন কাজ করিয়ে নেওয়া হলেও কর্মীদের চাকরির স্থায়িত্ব ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। এই শোষণমূলক ব্যবস্থা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, হাসিবুর রহমান, নাজমুল ইসলাম, গিয়াস উদ্দিন ও মিলনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
এমএস/